তুলনামূলক ধর্মতত্ব

তুলনামূলক ধর্মতত্ত্ব পড়া শুরু করবেন যেভাবে:

ধর্মতত্ত্ব -

PF
Prince Frerase
২০ নভে, ২০২৬ · 12 মিনিট

তুলনামূলক ধর্মতত্ত্ব পড়া শুরু করবেন যেভাবে: বেসিক থেকে অ্যাডভান্স

Author: © প্রিন্স ফ্রেরাসে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

[ মূল লেখা -

https://idea.enolej.com/1562 ]

অনেকেই এখন তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী। বিশেষ করে জেনারেল পড়ুয়া যুবক ভাইদের মধ্যে এ বিষয়ে আগ্রহ বেশি দেখা যায়। আবার মাদ্রাসার শিক্ষার্থীরাও কলেজ-ভার্সিটিতে ওঠার পর এ বিষয়ে জানতে আগ্রহী হয়ে ওঠেন।

নিজ ধর্ম সম্পর্কে জানার পাশাপাশি অন্য ধর্ম সম্পর্কে জানার আগ্রহ আমার ক্লাস থ্রি থেকেই তৈরি হয়েছিল। আমার প্রাথমিক বিদ্যালয়ে একটি হিন্দু ছেলে আমাদের সঙ্গে পড়ত। আমি তার 'হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা' বইটি পড়তাম। এরপর একদিন দেখলাম, আমার ধর্মশিক্ষা বইয়ের গাইডে বাকি তিনটি ধর্ম (খ্রিষ্টান, হিন্দু ও বৌদ্ধ) সম্পর্কেও হালকা-পাতলা আলোকপাত করা হয়েছে।

আর এভাবেই বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার সূত্রপাত হয় প্রাথমিক পর্যায়েই, ২০১৬ সালে, ক্লাস থ্রিতে পড়ার সময়!

ক্লাস সেভেনে ওঠার পর আর স্কুলের বইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। তখন অনলাইনে বিভিন্ন বিষয় সার্চ করে আর্টিকেল পড়া শুরু করি। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্ম সম্পর্কে জানার জন্য প্রচুর অ্যাপ ডাউনলোড করি।

২০২০ সাল থেকে অনলাইন ও অফলাইনে এ বিষয়ে জানার আগ্রহ চরমে ওঠে। ২০২৩-২৪ সাল ছিল এ বিষয়ে আমার আগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। ২০২৩-২৪ সাল থেকেই বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের হার্ডকপি কেনা শুরু করি।

২০২২ সালে এ বিষয়ে কাজ করা বিভিন্ন দ্বীনি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। সর্বপ্রথম ২০২২ সালে নেবুদা ভাইয়ের লেখার সঙ্গে পরিচিত হই এবং তাঁর লেখাগুলো পড়ি। তখন ধর্মের পাশাপাশি নাস্তিক্যবাদ, সংশয়বাদ, নারীবাদ ইত্যাদি বিষয়েও জানার চেষ্টা শুরু করি।

২০২৩-২৫ সালে আমার জানার পরিধি ব্যাপকভাবে বিকশিত হয়। ২০২২ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে আমি সবচেয়ে বেশি বই পড়েছি।

আজ আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে বিষয়টি নিয়ে লিখতে বসেছি। লেখায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আশা করি, আমার এই লেখাটি আপনাদের জন্য একটি ছোট গাইডলাইন হিসেবে কাজে আসবে। ইনশাআল্লাহ।

তো চলুন, শুরু করা যাক।

স্টেপ-১

সর্বপ্রথম তুলনামূলক ধর্মতত্ত্ব পড়া শুরু করবেন নিজের ধর্ম দিয়ে। আমি মুসলিম এবং মুসলিমদের প্রতিনিধি হিসেবে আমার মুসলিম ভাইদের উদ্দেশে বলব, আপনারা ইসলাম দিয়ে শুরু করুন। স্টেপ ওয়ান হলো নিজ ধর্ম সম্পর্কে জানা।

এখন প্রশ্ন হলো, কোন বিষয় দিয়ে শুরু করবেন?

স্টেপ-২

আপনাকে শুরু করতে হবে কোরআন পড়ার মাধ্যমে। প্রথমে আরবি উচ্চারণসহ বাংলা অনুবাদ পড়বেন। অনুবাদের জন্য মুজিবুর রহমান অথবা বায়ান ফাউন্ডেশনের বাংলা অনুবাদ দিয়ে শুরু করতে পারেন। আর ইংরেজির জন্য Sahih International পড়তে পারেন।

কোরআনের বাংলা অনুবাদ পড়ার পর হাদিস এবং সীরাত পড়বেন। হাদিসের জন্য তাহকিকসহ 'বুলুগুল মারাম', 'রিয়াদুস সালেহিন' ও 'নববী ৪০ হাদিস' দিয়ে ছোট পরিসরে পড়া শুরু করবেন। এই হাদিসের কিতাবগুলো শেষ করার পর সিহাহ সিত্তাহ পড়া শুরু করবেন এবং একই সঙ্গে আকিদা পড়াও শুরু করবেন।

বেসিক শেখার জন্য আমাদের মাধ্যমিক শ্রেণির 'ইসলাম ও নৈতিক শিক্ষা' বই দিয়ে শুরু করতে পারেন। তারপর বাংলাদেশের আলেমদের বই পড়বেন।

এ ক্ষেত্রে জাহাঙ্গীর স্যার ও হেমায়েতুল্লাহর 'কোরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকিদা' (এটি সালাফি আকিদাভিত্তিক বই) এবং 'ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ' (এটি মাতুরিদি আকিদাভিত্তিক বই। আমি বলব, এটি খুব বেশি আগ্রহ নিয়ে না পড়াই ভালো) বইটি পড়তে পারেন।

এছাড়াও আকিদা সম্পর্কে জানার জন্য পড়ুন -

১. আকীদাতুল ওয়াসিতিয়্যা — শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রহ.) (আল্লাহর নাম ও গুণাবলি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা নিয়ে রচিত অত্যন্ত প্রসিদ্ধ একটি বই)।

২. কিতাবুত তাওহীদ — শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রহ.) (তাওহীদের পরিচয় ও শির্ক থেকে বাঁচার উপায় নিয়ে মৌলিক গ্রন্থ)।

৩.আছ-সুলাছাতুল উসূল (তিনটি মৌলিক নীতি) — শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রহ.) (কবররে তিন প্রশ্নের উত্তর ও দ্বীনের মৌলিক ভিত্তি সম্পর্কিত ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসালাহ)।

৪. কাশফুশ শুবুহাত — শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রহ.) (তাওহীদ ও শির্ক সম্পর্কিত বিভিন্ন সংশয় নিরসনকারী গ্রন্থ)।

৫. শারহুস্ সুন্নাহ — ইমামুল বারবারহাবী (রহ.) (সালাফদের আকীদা ও মানহাজ রক্ষার একটি ঐতিহাসিক গ্রন্থ)

৬. উসুলুস সুন্নাহ — ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ.) (আহলুস সুন্নাহর মৌলিক বিশ্বাসগুলোর সংক্ষিপ্ত রূপরেখা)।

৭. সালাফে সালেহীনের আকীদা — খালিদ উসমান (অনুবাদ: মীর আনাস হোসাইন, সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া)।

৮. মুরজিয়াদের আকিদা(পেপারব্যাক)

Author: আল্লামা সাদ আশ-শাসরি হাফিজাহুল্লাহ , মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা (অনুবাদক)।

৯. সালাফী হও সত্যিকারের — সালেম আস-সুহাইমী

১০. রহমান আরশের উপর উঠেছেন(হার্ডকভার)

কুরআন, সুন্নাহ, সালাফে সালেহীন ও ইমামগণের ভাষ্যের আলোকে আল্লাহ্‌র ‘আরশের উপর উঠা, সবকিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আক্বীদাহ্, Author: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | কাশফুল প্রকাশনী

১১. মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা(পেপারব্যাক)

Author: শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ , ড. মুহাম্মাদ শামসুল হক সিদ্দীক (অনুবাদক), ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (সম্পাদক) | দারুল কারার পাবলিকেশন্স

এর সঙ্গে বিশুদ্ধ আমল ও ইবাদত করার নিয়ম শেখার জন্য 'রাহে বেলায়েত', 'আল-আযকার' ও 'এহইয়াউস সুনান' বইগুলো পড়তে পারেন।

এই বইগুলো পড়া হলে অ্যাডভান্স লেভেলের জন্য বড় ইমামদের বই পড়বেন। এখানে শুরু করতে পারেন 'কিতাবুত তাওহীদ' বইটি দিয়ে। তারপর পড়বেন 'আল-ওয়াসিতিয়্যাহ', যেটি ইমাম ইবনে তাইমিয়ার লেখা একটি কিতাব। এ ছাড়া 'ফাতওয়া হামাউয়্যাহ আল-কুবরা' বইটিও পড়বেন। আকিদার ওপর এটি একটি চমৎকার ও গুরুত্বপূর্ণ বই।

এটি পড়ার পর পড়বেন 'শারহু উসূলিস সুন্নাহ' বইটি। বাংলায় বিলিভার্স ভিশন পাবলিকেশনের প্রকাশিত কপিটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছেও এর হার্ডকপি আছে।

এ ছাড়া 'আল-ইরশাদ' বইটিও পড়তে পারেন। এটি মাকতাবাতুস সুন্নাহ থেকে প্রকাশিত সালেহ ইবনে ফাউজানের বই।

এরপর হানাফিদের বিশুদ্ধ আকিদা সম্পর্কে জানতে চাইলে দুই খণ্ডে প্রকাশিত মাকতাবাতুস সুন্নাহর 'শারহু আকিদাতিত ত্বহাবিয়া' পড়বেন। আর 'আল-ফিকহুল আকবার' বইটি খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের অনুবাদকৃত সংস্করণ থেকে পড়বেন, যেটি সুন্নাহ পাবলিকেশন থেকে প্রকাশিত।

এ ছাড়া আবু বকর যাকারিয়া স্যারের বই ও প্রবন্ধ বেশি বেশি পড়বেন। তাঁর সম্পাদিত লেখাগুলোও পড়ার চেষ্টা করবেন।

আর যদি পারেন, তাহলে 'কিতাবুল আরশ' এবং 'রহমান আরশের ওপর উঠেছেন' বই দুটি পড়তে পারেন।

অনলাইনে জাহাঙ্গীর স্যার, মানসুরে ইলাহি, মতিউর রহমান মাদানি ও আবু বকর যাকারিয়া স্যারের বয়ান ও লেকচারগুলোও শুনবেন। আশা করি, আপাতত এতটুকু পড়লেই হবে।

সীরাতের ব্যাপারে

এবার আসি সীরাতের ব্যাপারে।

২৫ জন নবী-রাসুল সম্পর্কে জানার জন্য প্রথমে 'নবীদের কাহিনী' বইটির দুই খণ্ড পড়বেন। প্রফেসর আসাদুল্লাহ স্যার চমৎকারভাবে বিশুদ্ধ রেওয়ায়েতের আলোকে তাঁদের সম্পর্কে যা বর্ণিত হয়েছে, তা উল্লেখ করেছেন।

তারপর 'সীরাতুর রাসুল (সা.)' বইটি পড়বেন। এটি আসাদুল্লাহ আল-গালিবের লেখা।

সীরাতের জন্য সেরা তিনটি বই হলো:

১. আর-রাহিকুল মাখতুম (তাওহীদ পাবলিকেশন)।

২. মুহাম্মদ: দ্য ফাইনাল মেসেঞ্জার (গার্ডিয়ান পাবলিকেশন)।

৩. সীরাতে ইবনে হিশাম (সাবাহ পাবলিকেশন)।

আপনি অবশ্যই এই তিনটি বই পড়বেন। আমি যে প্রকাশনীগুলোর নাম বন্ধনীর মধ্যে উল্লেখ করেছি, চেষ্টা করবেন সেসব প্রকাশনীর বই পড়তে। ইনশাআল্লাহ।

বিশেষ করে আর-রাহিকুল মাখতুম তাওহীদ পাবলিকেশনের সংস্করণটি পড়বেন। আর সীরাতে ইবনে হিশাম চার খণ্ডে সাবাহ পাবলিকেশন থেকে তাখরিজ ও তাহকিকসহ অনূদিত হয়েছে। সেটি কেনার চেষ্টা করবেন।

এখানে চারটি সীরাতের নাম বললাম। এগুলোর বাইরে সংক্ষিপ্তভাবে রাসুল (সা.)-এর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাইলে নিচের বইগুলো পড়তে পারেন:

- মাআল মুস্তাফা (গার্ডিয়ান প্রকাশনী)।

- বি স্মার্ট উইথ মুহাম্মদ (সা.) (গার্ডিয়ান প্রকাশনী)।

- মুহাম্মদ: দ্য আলটিমেট লিডার (গার্ডিয়ান প্রকাশনী)।

- বি জিনিয়াস উইথ মুহাম্মদ (সা.) (গার্ডিয়ান প্রকাশনী)।

- আফটার প্রফেট।

এ ছাড়া আরও অনেক সীরাতগ্রন্থ রয়েছে। আপনার ভালো লাগা যেকোনো সীরাতগ্রন্থ পড়তে পারেন।

প্রতিদিনের পড়াশোনার রুটিন

এখানে একটি কথা বলে রাখি, প্রতিদিনের সময়টাকে চার ভাগে ভাগ করুন। প্রতি ভাগে দুই ঘণ্টা করে রাখুন।

- সকাল ৫:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত কোরআন বাংলা অনুবাদসহ পড়ুন।

- সকাল ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত আকিদার বই পড়ুন।

- সকাল ১১:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত নিজের পছন্দের ইসলামিক বই পড়ুন।

- দুপুর ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত গোসল ও খাবার খেয়ে নিন।

- দুপুর ২:৩০টায় ঘুমিয়ে ৩টায় উঠে পড়ুন। ৩০ মিনিট ঘুমানোর কারণে আপনার মস্তিষ্ক সতেজ হবে।

- বিকেল ৩:১০ থেকে ৫:১০ পর্যন্ত হাদিস পড়ুন। (নামাজও পড়বেন।)

- সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজের পড়াশোনা করুন।

- এরপর ৩০ মিনিট বিরতি নিয়ে রাত ১১টা অথবা ১২টা পর্যন্ত অন্যান্য বিষয় পড়তে পারেন।

আর যদি মন চায়, তাহলে হালকা-পাতলা ফিকহের বইও পড়তে পারেন।

যাই হোক, ছয় মাস এভাবে পড়াশোনা করলে ইসলাম সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান অর্জিত হবে বলে আশা করি।

এরপর দুই মাস বিভিন্ন লেখকের লেখা পড়বেন। আরিফ আজাদ ভাইয়ের 'প্যারাডক্সিক্যাল সাজিদ-১ ও ২', 'আরজ আলির সমীপে', 'বেলা ফুরাবার আগে' এবং 'জীবনের পাঠ' বইগুলো প্রথম তালিকায় রাখবেন। তারপর অন্যান্য বই পড়বেন।

এরপর মুহাম্মদ মুশফিকুর রহমান মিনার, আরেফিন শক্তি, রাফান আহমেদ ও মাসুদ ভাইদের লেখার সংকলন 'সত্যকথন' বইটি অবশ্যই পড়বেন। চারশোরও বেশি পর্ব নিয়ে সংকলিত এই বইটিতে ইসলামবিরোধী ও নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়েছে।

এখন আরও কয়েকটি বইয়ের তালিকা দিচ্ছি, যেগুলো নাস্তিক ও বিধর্মীদের উত্থাপিত সংশয় ও প্রশ্নের জবাব দিতে সহায়ক হবে।

নাস্তিক্যবাদ ও ইসলামবিরোধী আপত্তি নিয়ে পড়ার বই

১. বিশ্বাসের যৌক্তিকতা — রাফান আহমেদ।

২. আকাশ দ্য বিলিভার — আল-আমিন।

৩. অবিশ্বাসীর কাঠগড়ায় — রাফান আহমেদ।

৪. মৌলবাদী নাস্তিক — কাজী ম্যাক।

৫. দ্য গড হাইপোথিসিস — আসিফ মেহেদী।

৬. দ্য মিথ অব ডারউইনিয়ান ইভোলিউশন — আসিফ মেহেদী।

[আসিফ মেহেদীর এই দুটি বই 'বইটই' অ্যাপ থেকে কিনতে হবে।]

আল-মেহেদীর লেখা চারটি বই:

- আদমের আদি উৎস।

- সৃষ্টি ও স্রষ্টার রহস্য।

- ঈশ্বর ও মানুষের গল্প।

- জিনের আদি উৎস।

[আশা করি, আল-মেহেদী ভাইয়ের লেখা পিডিএফগুলো নিজেরাই খুঁজে বের করতে পারবেন। আর না হলে রকমারি ডট কম থেকে কিনতে পারেন।]

৭. ডাবল স্ট্যান্ডার্ড (সবগুলো খণ্ড) — শামসুল আরেফিন শক্তি।

৮. সৎবিত্ — জাকারিয়া মাসুদ।

৯. সংশয়বাদী — ড্যানিয়েল হাকিকাতজু।

১০. অভিশপ্ত রংধনু — আসিফ আদনান।

১১. হিউম্যান বিইং — ইফতেখার সিফাত।

১২. কথিত আহলে কোরআনদের দাবি খণ্ডন ও সংশয় নিরসন — মুফতি আব্দুল্লাহ হাসান কাশেমী।

১৩. ইসলামে দাস-দাসী ব্যবস্থা — শামসুল আরেফিন শক্তি।

১৪. হোমো স্যাপিয়েন্স — রাফান আহমেদ।

১৫. জবাব-১ ও ২।

১৬. তাহাফুতুল মালাহিদা - বর্তমানে মোট ১৩ খন্ডে বাংলাতে প্রকাশিত জনপ্রিয় বুদ্ধিভিত্তিক সিরিজের বই। আগ্রহ থাকলে এই সিরিজের বইও পড়তে পারেন।

তো এই বইগুলো পড়তে পারেন।

পাশাপাশি আরিফ আজাদ, শামসুল আরেফিন শক্তি, মুশফিকুর রহমান মিনার, জাকারিয়া মাসুদ, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শিহাব আহমেদ তুহিন, তোয়াহা আকবর, তানভীর আহমেদ, আশিক আরমান নিলয়সহ অন্যান্য লেখকের বই নিজেরাই বেশি বেশি পড়বেন। এতে করে নাস্তিকদের বিভিন্ন আপত্তি ও প্রশ্ন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। ইনশাআল্লাহ।

আর যদি আর্টিকেল পড়তে চান, তাহলে নেবুদা ভাই (Nebuda Khan IV), তাহসিন আরাফান ভাই (Tahsin Arafat), Ashraful Nafiz ভাই, ইফতে খায়রুল ভাই এবং আন-নাজমুস সাকিব ভাইয়ের লেখাগুলো From Muslim, Islamic Authors ও Muslim Point ওয়েবসাইটে পড়তে পারেন।

আমার 'প্রিন্স ফ্রেরাসে' আইডিগুলোতেও বিভিন্ন সিরিজ ও পর্বভিত্তিক লেখা রয়েছে। সেগুলোও পড়তে পারেন। ইনশাআল্লাহ।

এ ছাড়া আমার সমবয়সী Foto Fig ভাইও অনেক জ্ঞানী, মাশাআল্লাহ। তাঁর লেখাগুলোও ফেসবুকে রয়েছে। সেগুলো পড়তে পারেন।

তো এভাবে ছয়-আট মাস বা এক বছর বিভিন্ন বই ও লেখকের লেখা পড়ার পাশাপাশি অন্যান্য লেখকদের বই পড়লে আশা করি, ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। ইনশাআল্লাহ। এই জ্ঞান দিয়ে আপনি ইসলামকে ডিফেন্ড করতে পারবেন এবং মোটামুটি নাস্তিক ও বিধর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারবেন।

তুলনামূলক ধর্মতত্ত্ব শেখার আগে নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা বেশি প্রয়োজন। কেননা, ইসলাম সম্পর্কে বিভিন্ন ফিরকার বিভিন্ন অভিযোগ ও মতপার্থক্য রয়েছে। তাই নিজ ধর্ম ইসলাম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করার পর অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থে হাত দেবেন। আশা করি।

স্টেপ-৩

ইসলামের বেসিক বিষয়গুলো পরিষ্কার হলে আমরা চলে যাব অন্য ধর্মগুলোর দিকে।

আপনি যখন ইসলাম সম্পর্কে মোটামুটি জানতে পারবেন, তখন অন্যান্য ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করবেন।

হিন্দুধর্ম

হিন্দুধর্ম সম্পর্কে জানতে শুরু করবেন বেদ সংহিতা দিয়ে।

বেদের কয়েকটি বাংলা অনুবাদ রয়েছে। এর মধ্যে আপনি হরফ প্রকাশনীর বেদ সেটটি কিনতে পারেন। প্রায় ১,৫০০ টাকা হলেই পেয়ে যাবেন।

হরফ প্রকাশনীর ঋগ্বেদের অনুবাদক রমেশচন্দ্র দত্ত। এ ছাড়া পরিতোষ ঠাকুর এবং বিজন বিহারী গোস্বামী হরফ প্রকাশনীর বেদের অনুবাদ ও সম্পাদনার কাজ করেছেন। বেশির ভাগ মুসলিম পাঠক এই হরফ প্রকাশনীর বেদই কিনে থাকেন।

এ ছাড়া মাইতি বুক হাউস থেকে প্রকাশিত 'বেদ সমগ্র' অখণ্ড সংস্করণটিও নিতে পারেন। এটির সম্পাদনার কাজ করেছেন শ্রী মধুসূদন।

এ ছাড়া বাংলায় অনূদিত অলোক কুমার সেনের বেদও জনপ্রিয়। এটি নারায়ণ পুস্তকালয় থেকে প্রকাশিত হয়েছে।

এগুলোর দাম ১,৫০০ থেকে ১,৮০০ টাকার মধ্যে হতে পারে। তা ছাড়া তারকানাথ অধিকারীর 'বেদগ্রন্থমালা'ও ভালো হবে।

আর হিন্দুদের মধ্যে গ্রহণযোগ্য অনুবাদ হিসেবে দুর্গাদাস লাহিড়ীর অনুবাদকৃত বেদের কথা বলা হয়।

যাই হোক, আপনারা যেকোনো একটি সংস্করণ কিনে পড়তে পারেন। তবে বাজেট কম হলে হরফ প্রকাশনীর সংস্করণটি কিনে পড়ুন।

বেদ পড়ার আগে এবং বেদ পড়ার সময় বেদ বুঝতে সহায়ক কোনো বই পড়ে নিতে পারেন। আমি বলব, 'বেদ রহস্য-১ ও ২' (শ্রীঅরবিন্দ) এবং যোগীরাজ বসুর 'বেদের পরিচয়' বইটি পড়তে পারেন। এতে বেদ সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাবেন।

বেদ পড়া শেষ হলে মহাভারত, বাল্মীকি রামায়ণ, মনুসংহিতা ইত্যাদি পড়তে পারেন।

আর পুরাণ পড়তে চাইলে 'পুরাণ সমগ্র' কিনে পড়বেন। এতে ১৮টি পুরাণের কাহিনি সংক্ষিপ্ত আকারে বুঝতে পারবেন। বাজারে বিভিন্ন প্রকাশনীর পুরাণ সমগ্র পাওয়া যায়। যেকোনো একটি প্রকাশনীর বই নিলেই চলবে।

প্রাথমিক অবস্থায় এগুলো পড়ার সময় আরও দুটি গুরুত্বপূর্ণ বই পড়তে পারেন:

১. হিন্দুধর্মের সারতত্ত্ব — ভারত সেবাশ্রম সংঘ।

২. হিন্দু শাস্ত্র পরিচয় — স্বামী অরুণানন্দ।

এই দুটি বই পড়লে হিন্দুধর্ম ও হিন্দু শাস্ত্রীয় গ্রন্থ সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পাবেন বলে আশা করি।

তারপর বেদাঙ্গ, ষড়দর্শনসহ হিন্দুধর্মের অন্যান্য মতবাদ সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করবেন।

এভাবে হিন্দুধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও ভালো পরিচয় লাভ করতে পারবেন।

খ্রিষ্টধর্ম

এখন আসি খ্রিষ্টধর্ম সম্পর্কে।

এই ধর্ম সম্পর্কে জানার জন্য প্রধান গ্রন্থ 'বাইবেল' পড়াই যথেষ্ট। বাইবেল সোসাইটি প্রকাশিত বাইবেল কিনে পড়তে পারেন।

আর বাইবেলের বিভিন্ন ভুল এবং খ্রিষ্টানদের মতবাদ খণ্ডনের জন্য 'বাইবেল পরিচিতি ও পর্যালোচনা' বইটি পড়তে পারেন। এটি জাহাঙ্গীর স্যারের লেখা।

এ ছাড়া ব্রাদার রাহুলের লেখা 'বড়দিনের উপহার' বইটিও চমৎকার।

আর হ্যাঁ, খ্রিষ্টধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে গভীরভাবে জানার জন্য এবং এ বিষয়ে উত্থাপিত বিভিন্ন আপত্তি পর্যালোচনার জন্য 'ইযহারুল হক' (তিন খণ্ডে সমাপ্ত) বইটি অবশ্যই অবশ্যই পড়বেন। এই বইটি পড়লে আলাদা করে অন্য কোনো বই পড়ার প্রয়োজন হবে বলে মনে হয় না।

তা ছাড়া অন্যান্য লেখকের বইও ইচ্ছা হলে পড়তে পারেন।

বৌদ্ধধর্ম

বৌদ্ধধর্ম সম্পর্কে জানার জন্য প্রথমে 'ত্রিপিটক সার সমগ্র' পড়তে পারেন। এটি জয়ন্তী চট্টোপাধ্যায়ের সংকলিত।

মূল ত্রিপিটক অনেকগুলো খণ্ডে (প্রায় ২০ থেকে ২৫ খণ্ডে) সমাপ্ত। তাই সেটি পরে ধীরে ধীরে এক খণ্ড করে কিনে পড়বেন।

এ ছাড়া গৌতম বুদ্ধের ধর্ম সম্পর্কে জানার জন্য হরিপ্রসাদ শাস্ত্রীর বই পড়তে পারেন। অন্যান্য লেখকের বইও রয়েছে। সেগুলোও পড়ে দেখতে পারেন।

অন্যান্য ধর্ম ও তুলনামূলক ধর্মতত্ত্ব

শিখ ধর্মের ধর্মগ্রন্থেরও বাংলা অনুবাদ রয়েছে। সেটি অনলাইনে পেয়ে যাবেন। চাইলে কিনে পড়তে পারেন।

বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার জন্য বেলাল হোসেনের লেখা 'তুলনামূলক ধর্মতত্ত্ব' বইটি পড়তে পারেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার জন্য বাংলা ভাষাভাষীদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি বই।

এ ছাড়া নিচের বইগুলোও পড়তে পারেন:

১. হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ — জিয়াউর রহমান আজমি।

২. কিতাবুল মুকাদ্দাস, ইঞ্জিল শরিফ ও ঈসায়ী ধর্ম — খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।

৩. খ্রিষ্টবাদ: বিকৃতি, তথ্য-প্রমাণ — মাওলানা আব্দুল মতিন।

আবুল হোসেন ভট্টাচার্যের লেখা চারটি বই:

১. দ্বীন, ধর্ম, রিলিজিয়ন।

২. আমি কেন ইসলাম গ্রহণ করলাম।

৩. আমি কেন খ্রিষ্টান ধর্ম গ্রহণ করলাম না।

৪. মূর্তিপূজার গোড়ার কথা।

[আবুল হোসেন ভট্টাচার্য একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। পরবর্তীতে তিনি মুসলিম হন। তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, আমিন, সুম্মা আমিন।]

এ ছাড়া আরও কয়েকটি বই পড়তে পারেন:

- নাস্তিকদের যুক্তি খণ্ডন — মুহাম্মদ সিদ্দিক।

- খ্রিষ্টধর্ম বিকৃতির ইতিহাস — তাকি উসমানি।

- দ্য চয়েস — আহমেদ দিদাত।

এই বইগুলো পড়তে পারেন। এ ছাড়া জাকির নায়েকের লেকচার সমগ্র পড়েও অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। ইনশাআল্লাহ।

শেষকথা

আমি সংক্ষিপ্ত আকারে তুলনামূলক ধর্মতত্ত্ব জানার ও বোঝার জন্য এই ছোট গাইডলাইনটি আপনাদের দিলাম। জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবেন বলে আশা করি।

আর আমার জন্যও দোয়া করবেন। ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের বেশি বেশি ইলম অর্জনের তাওফিক দান করুন। আমিন, আমিন, সুম্মা আমিন।

তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

[ লেখাটা অনেক আগের, তো আমি এই লেখাটা একজায়গায় পরবর্তী সময়ে পাবলিশ করি, সেখান থেকে কপি করে এআই দিয়ে সংশোধন করে আবার পোস্ট করলাম ]

কলমে: মোঃ মেহেদী হাসান ✍️ By: প্রিন্স ফ্রেরাসে

আল্লাহ হাফেজ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

জাযাকাল্লাহু খাইরান।

#প্রিন্স_ফ্রেরাসে

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।